
বাংলার কাগজ ডেস্ক: ঝিনাইদহে চালানপত্র ছাড়াই ৪২০ বস্তা টিএসপি সার পরিবহনের সময় একটি ট্রাক আটক করেছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ট্রাকটি নিজেদের হেফাজতে নেন। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকটির নম্বর রাজবাড়ী-ট-১১-০১৪১। এতে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় নেওয়ার জন্য ৪২০ বস্তা টিএসপি সার বোঝাই করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন সেটি থামিয়ে সার পরিবহনের উৎস, গন্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে চান। চালক যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় সার নেওয়ার কথা জানালেও কোনো মেমো বা চালান দেখাতে পারেননি।
পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি হেফাজতে নেন। রাত ১১টা পর্যন্ত ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় রাখা ছিল।
ঝিনাইদহ জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, সার পাচারের গোপন সংবাদ পেয়ে স্থানীয়রা ট্রাকটি আটক করে তাঁদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে চালকের কাছে সারের কাগজপত্র চাওয়া হলেও তিনি তা দেখাতে পারেননি। ট্রাকে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। বিষয়টি সদর থানার ওসি ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অবৈধ কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আটক করা সারবোঝাই ট্রাকটি দেখতে পান। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার কেনাবেচা করছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, সারবোঝাই ট্রাক আটকের খবর তিনি পেয়েছেন। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। যাচাই-বাছাইয়ে সার অবৈধ বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।