
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার উপজেলার হাড়িয়াকোনা সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।