
আন্তর্জাতিক ডেস্ক: কয়েক মাস ধরে চলা দাবানলের কারণে সৃষ্ট আন্তঃসীমান্ত ধোঁয়াশার জন্য প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সোমবার (১৬ নভেম্বর) রয়টার্সের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।
বিবৃতিতে প্রাবোওকে উদ্ধৃত করে বলা হয়েছে, দাবানলে অবদান রাখা যেকোনো কোম্পানির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার ‘জিরো-টলারেন্স নীতি’ রয়েছে এবং তার সরকার জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখার পাশাপাশি দাবানল প্রতিরোধ জোরদার করতে একটি নতুন সংস্থা গঠনের প্রস্তুতি নিচ্ছে।
এছাড়া ইন্দোনেশিয়া একাত্তর হাজার বন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছিল এবং আগুন নেভাতে গিয়ে ষোলো জন প্রাণ হারিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
রোববার পরে এক সংবাদ ব্রিফিংয়ে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো জানান, পূর্ণাঙ্গ অধিবেশনে জাকার্তা ‘ইন্দোনেশিয়ায় দাবানল মোকাবিলায় তারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত অকপট ও স্পষ্টবাদী’ ছিল।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া গত এগারো বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবানলের মোকাবিলা করছে, যার ফলে প্রধানত সুমাত্রা, বোর্নিও এবং পাপুয়া দ্বীপপুঞ্জের বিশাল এলাকা পুড়ে গেছে এবং গত কয়েক মাস ধরে এর ধোঁয়াশা সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ঢেকে রেখেছিল। তবে মালয়েশিয়া ও সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার সমালোচনা করা থেকে বিরত থেকে আগুন নেভাতে সহায়তার প্রস্তাব দিয়েছিল।
সূত্র: আল জাজিরা