
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বেঙ্গালুরুতে একই পরিবারের সাত সদস্যকে হত্যার ঘটনায় তদন্তে নতুন নতুন তথ্য সামনে আসছে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ৫২ বছর বয়সী ক্যাবচালক ইন্দুশেখর জানিয়েছেন, স্ত্রী ও শ্বশুরবাড়ির ছয় সদস্যকে হত্যার পর তিনি এখন ভীষণ ‘শান্তিতে ও তৃপ্তিতে’ আছেন। এ ঘটনায় তার মধ্যে কোনো অনুশোচনাও দেখা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, শ্রীরামপুরার প্রায় ৩ কোটি রুপির সম্পত্তির বড় একটি অংশ শাশুড়ি রূপাবতীর কাছে দাবি করেছিলেন ইন্দুশেখর। তবে দুই ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে রূপাবতী তাকে কেবল আইনগতভাবে প্রাপ্য অংশ দিতে চেয়েছিলেন। এ নিয়ে পারিবারিক বিরোধ আরও গভীর হয়। সবচেয়ে লোমহর্ষক বিষয় হলো, পরিবারের সদস্যদের হত্যা করার পর সম্পত্তির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে মৃত ব্যক্তিদের আঙুলের ছাপ বা টিপসই স্ট্যাম্প পেপারে নিয়ে রেখেছিলেন অভিযুক্ত ইন্দুশেখর।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৬ অক্টোবর শিলনোড়া দিয়ে আঘাত করে নিজের স্ত্রী সুনীতাকে হত্যার মধ্য দিয়ে এই রক্তাক্ত অধ্যায়ের শুরু হয়। এরপর তার মরদেহ নন্দী হিলসের কাছে ফেলে আসেন ইন্দুশেখর। পরবর্তী দুই সপ্তাহে বিভিন্ন কৌশলে পরিবারের অন্য সদস্যদের বাড়িতে ডেকে এনে হত্যা করা হয়। কখনো মদ্যপানের আসরের আয়োজনের কথা বলে, আবার কখনো পরিবারের অন্য সদস্যরা বেড়াতে গেছেন—এমন মিথ্যা তথ্য দিয়ে তাদের ডেকে আনা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
ইন্দুশেখর এবং তার মেয়ের ধারণা ছিল, বিভিন্ন স্থানে মরদেহ গুম করে ফেলায় এই অপরাধ কখনোই আলোর মুখ দেখবে না। শুরুতে ইন্দুশেখর সাতজনকে হত্যার কথা স্বীকার করলেও পুলিশ কর্মকর্তারা তার বক্তব্য নিয়ে সন্দিহান ছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধারের পর অপরাধের ব্যাপ্তি ও ঠান্ডা মাথার পরিকল্পনা দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছেন খোদ তদন্তকারী কর্মকর্তারাও।
তথ্যসূত্র: গালফ নিউউ