
চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে পুলিশের টহল ভ্যানে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা সবাই জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্য। তাদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে হাইওয়ে পুলিশের একটি দল টহল ভ্যান নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টহল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।