1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম

জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শেরপুর: জামালপুরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিজ বাড়ির উঠানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পেয়ে ওড়না কেটে মরদেহ নামিয়ে অন্যত্র ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক মো. মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) কে গ্রেপ্তার করেছে পিবিআই। তার দেখানো মতে ওড়না কাটার কাজে ব্যবহৃত একটি বটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই জামালপুর সদর থানাধীন দাপুনিয়া এলাকার বাইদের ক্ষেত নামক স্থানে একটি পতিত জমির পানিতে অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৩০) উলঙ্গ মরদেহ পাওয়া যায়। মরদেহের গলায় পেঁচানো ছিল সবুজ রঙের একটি ওড়না। পরে নিহতের পরিচয় সাকিব ওরফে শাকিল (৩০) হিসেবে শনাক্ত করা হয়।

এ ঘটনায় জামালপুর সদর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২০২৫ সালের ১৪ জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ২৫। এতে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। থানা পুলিশ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন (সত্য) দাখিল করলে বিজ্ঞ আদালত স্বপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই জামালপুর জেলাকে দেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআইয়ের উপপরিদর্শক (নিরস্ত্র) সুমন আহমেদ।

তদন্তে পিবিআই জানতে পারে, নিহত সাকিব ও তার স্ত্রী শাহানার মধ্যে পারিবারিক কলহের জেরে ২০২৫ সালের ৭ জুলাই রাতে ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে শাহানার মা আঙ্গুরী বেগম মেয়েকে ও নাতিকে নিয়ে অন্য একটি ভাড়া বাসায় চলে যান। পরে সাকিব সেখানে গিয়ে চিৎকার-চেঁচামেচি করেন। এ সময় বাড়ির মালিক মো. মোস্তাফিজুর রহমান বাচ্চু তাকে সেখান থেকে চলে যেতে বলেন।

পিবিআইয়ের তদন্তে আরও জানা যায়, পরদিন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাচ্চু নিজ বাড়ির উঠানে একটি বড়ই গাছের ডালে ওড়না দিয়ে সাকিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যদের ঝামেলা থেকে রক্ষা করার কথা ভেবে তিনি বটি দিয়ে ওড়না কেটে মরদেহ নামিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে আসেন এবং বিষয়টি গোপন রাখেন বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জামালপুর সদর থানার দাপুনিয়া এলাকা থেকে মোস্তাফিজুর রহমান বাচ্চুকে গ্রেপ্তার করেন। পরে তার দেখানো মতে নিজ বাড়ির রান্নাঘর থেকে ওড়না কাটার কাজে ব্যবহৃত একটি বটি উদ্ধার করা হয়।

গত ১৮ নভেম্বর গ্রেপ্তার আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই জানিয়েছে, মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com