
বাংলার কাগজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য বলে ভাষ্য পুলিশের।
সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিফাত খান, একই উপজেলার খন্দকার সিফাত, ঘাটাইল উপজেলার সাজ্জাদ হোসেন, অমৃত চন্দ্র ও প্রশান্ত চন্দ্র।
তাদের সবার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার ও ঘাটাইল উপজেলায়।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তাররা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণমির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ
এর আগে বুধবার রাত ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানার পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। একই সময়ে গোড়াই হাটুভাঙ্গা ফ্লাইওভারের নিচে ও আশপাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার পর বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ।