
বিনোদন ডেস্ক : গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’। ১৯৯৫ সালে মুক্তি পায় এটি। এতে রাজু কুলি আর মালতীর আইকনিক প্রেমকাহিনি এখনো দর্শকরা ভোলেননি। দুই যুগ পর নির্মিত হচ্ছে এই সিনেমার রিমেক। এতে গোবিন্দ আর কারিশমা কাপুরের জায়গায় দেখা যাবে বরুণ ধাওয়ান ও সারা আলী খানকে।
রাজু কুলি আর মালতী রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন সাইফ কন্যা সারা ও বরুণ ধাওয়ান। গত ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে এ সিনেমার গান ‘তেরি ভাবি’। এতে সারা-বরুণের পারফরম্যান্সের প্রশংসা করেন দর্শকরা। এবার প্রকাশ্যে এলো সিনেমাটির আরেক গান ‘মির্চি লাগি তো’। এটিও নতুন ভার্সনে মুক্তি পেয়েছে। গানটি কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনিক। এতে বরুণ ও সারা আলী খানকে রোমান্স করতে দেখা যায়।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—পরেশ রাওয়াল, জাভেদ জাফরি, রাজপাল যাদব, জনি লিভার, অনিল ধাওয়ান প্রমুখ। গত বছরের ৮ আগস্ট ব্যাংককে সিনেমাটির কাজ শুরু হয়। চলতি বছরের মে মাসে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সংকটের মুক্তি পায়নি। আগামী ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।