
স্টাফ রিপোর্টার : ‘২০১৯ সালের ১০ জুন ওসিএলএসডি (ভারপ্রাপ্ত কর্মকর্তা, খাদ্যগুদাম) হিসেবে দায়িত্ব বুঝে নিতে গিয়ে দেখতে পাই, খাদ্যগুদামে বোরো মৌসুমে নিম্নমানের চাল সংগ্রহ করেছেন তৎকালীন ওসিএলএসডি বিকাশ চন্দ্র দেবনাথ। পরে বিষয়টি খাদ্য বিভাগের উর্ধতন কর্মকর্তাদের জানাই। এমন অভিযোগ জানানোর পরিপ্রেক্ষিতে তৎকালীন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ফরহাদ খন্দকার স্যার একটি তদন্ত কমিটি করে দেন। ওই কমিটির তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় অভিযুক্ত বিকাশ চন্দ্র দেবনাথ সরকারিভাবে সংগ্রহ করা ২৯৯ মেট্রিক টন পচা চাল গুদাম থেকে বের করে সমপরিমাণ ভালো চাল কিনে ওই খাদ্যগুদামে সরবরাহ করেন।
পরে ৮ সেপ্টেম্বর বিকাশকে সাসপেন্ড ও অন্যান্য সকলকেই তাৎক্ষণিক বদলি করা হয়। এরপর থেকেই আমার বিরুদ্ধে শুরু হয় নানা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র যে এখনও অব্যাহত থাকবে, সেই ধারণা আমার ছিল না।’
সোমবার (৭ জুন) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আয়মান বিনতে ফেরদৌস নূপুর সাংবাদিকদের কাছে এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, সরকারের নিয়ম অনুযায়ী চাল ও ধান সংগ্রহ করতে গিয়ে ব্যবসায়ীদের রোষানলে পড়তে হয়েছে। বিকাশের দুর্নীতি কথা প্রকাশ ও অজ্ঞাত এক ব্যক্তিকে চাঁদা দেওয়ার অস্বীকার করায় আজ আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে একটি চক্র টাকা দিয়ে প্রভাবিত করে নাম-বেনামের বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করাচ্ছে। আমি সরকারের স্বার্থ রক্ষা করতে গিয়ে একটি চক্রের জন্য আমার ও আমার পরিবারের সম্মান ক্ষুন্ন হচ্ছে।
জানা গেছে, সম্প্রতি ঝিনাইগাতী খাদ্যগুদামের ওসিএলএসডি আয়মান বিনতে ফেরদৌস নূপুরের কাছে চাঁদা না পেয়ে এবং একটি চক্র টাকা দিয়ে প্রভাবিত করে নাম-বেনামের বিভিন্ন অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মসহ একটি মানহানিকর সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর তার বাবা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ ওদু বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আল্-ওয়াজিউর রহমান বলেন, ঝিনাইগাতী উপজেলা খাদ্যগুদামের ওসিএলএসডি আয়মান বিনতে ফেরদৌস নূপুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মসহ একটি মানহানিকর সংবাদ প্রকাশ হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।