
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে অভিযোগের সত্যতা নিরূপণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পটুয়াখালীকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত স্বপ্রণোদিত হয়ে ফৌজদারী কার্যবিধির ১৯০(১)(সি) ধারার বিধানমতে এ নির্দেশ প্রদান করেন।
আদালতের এ আদেশে বলা হয়, প্রকাশিত সংবাদে পরিলক্ষিত হয়, কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী মাদকদ্রব্যের বিস্তার প্রতিরোধের পরিবর্তে বিভিন্ন ফৌজদারী অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন, যা তদন্ত হওয়া আবশ্যক। তাই গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা নিরূপণ করে ৪০ কার্য দিবসের মধ্যে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয় এমন তদন্তকারী কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রধান পিবিআইকে নির্দেশ প্রদান করা হলো।
আদালতের স্টেনো কাইয়ুম আকন্দ গত ২০ জুন বিকেলে জারিকৃত এ আদেশের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর ২৪ জুন বৃহস্পতিবার এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বিজ্ঞ আদালতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত পৃথক দু’টি মামলার বাদী নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের আ: রাজ্জাক সিকদার ও মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের মো: মুনসুর জোমাদ্দারের বিরুদ্ধে দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর ১৮৯৮ এর ধারা ১৯০(১)(সি) অনুযায়ী পেনাল কোড, ১৮৬০ এর ধারা ২১১ অনুযায়ী স্বপ্রণোদিত হয়ে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন একই আদালত।
উল্লেখ্য, গত ২৪ মে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে রুনা বেগম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কলাপাড়া সার্কেলের পরিদর্শক ফরহাদ হোসেন, উপ-পরিদর্শক রুহুল আমিন ও জহিরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন, “আমি ভাল অইতে চাই, ক্যামনে ভাল অমু। ইয়াবা-গাঁজাসহ মাদকের ব্যবসা না করলে একের পর এক মাদকের মামলা দেয়া হচ্ছে। এ পর্যন্ত ছয়টি মামলা দেয়া হয়েছে। তাদের কথা, প্রয়োজনে এক লাখ টাকা নে। ইয়াবার ব্যবসা কর। আর প্রত্যেক মাসে ২ডা আসামি ধরাইয়া দে। আমি এতে রাজি না হওয়ায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের একের পর এক মাদক মামলায় আসামি করা হচ্ছে।”