
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির বিকাশ ও নগদ এর টাকা একাউন্টের পাসকোড ও পিন নাম্বার হ্যাক করে আত্মসাতের অভিযোগে আমজাদ হোসেন (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। এসময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ২১ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়।
গত শুক্রবার (২৫ জুন) বিকেলে গ্রেফতারকৃত আমজাদ হোসেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সরকারি অনুদানের শিক্ষা উপবৃত্তির টাকা শুক্রবার বিকেলে প্রতারক আমজাদ হোসেন ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় (ব্রীজপাড়) জনৈক শাহীন মিয়ার দোকানে হ্যাক করে ক্যাশ আউট করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান ও সহকারি উপ-পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দোকানে অভিযান চালিয়ে প্রতারক আমজাদ হোসেনকে গ্রেফতার করে। এসময় হাতিয়ে নেয়া ছাত্রছাত্রীদের উপবৃত্তির ২১ হাজার ৮শ টাকা তার কাছ থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রতারক আমজাদ হোসেন গত ৭ দিনে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিকাশ ও নগদ এর এজেন্ট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২০/৩০/৩৪/৩৫ ধারার একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার আমজাদ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।