
শেরপুর : শেরপুরের মৃগী নদীতে ডুবতে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানিতে ডুবে প্রাণ হারাল রাকিব নামে এক কিশোর। শনিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার মীরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে বারোটার দিকে মীরগঞ্জ বারেকপাড়া এলাকার সুজন আলীর আট বছর বয়সী শিশু ছেলে মারুফ মীরগঞ্জ মাঠে ফুটবল খেলা শেষে পাশের মৃগী নদীতে গোসল করতে যায়। এসময় মারুফ নদীর পানিতে তলিয়ে যেতে থাকলে একই এলাকার শওকত আলীর ছেলে কিশোর রাকিব(১১) তাকে উদ্ধার করতে নদীতে নামে। একপর্যায়ে মারুফ উদ্ধার হলেও রাকিব নিজেই নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এক ঘন্টা চেষ্টা শেষে রাকিবকে উদ্ধার করে দুইটার দিকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।