
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা দেওয়ায় চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার উত্তর কোন্নগর গ্রামের মোসলেম উদ্দিনের তিন ছেলে লিয়াকত আলী (৪০), এমতাজ আলী (৩৮) ও আবদুর রাজ্জাক (৩৬) এবং একই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে বকুল হোসেন (৪২)। এরমধ্যে বকুল, লিয়াকত ও এমতাজকে দুই মাস করে এবং রাজ্জাককে ২৮ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার হতদরিদ্র ও ভূমিহীন ৬৩ পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে ৬০টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মরিচপুরান ইউনিয়নের উত্তর কোন্নগর গ্রামে ভূমিহীন অপর তিন ব্যক্তির বরাদ্দকৃত ঘরের কাজ শেষ পর্যায়ে। সম্প্রতি ঘর বরাদ্দের ওই জমি নিজেদের বলে দাবি করে লিয়াকত আলী, এমতাজ আলী, আবদুর রাজ্জাক ও বকুল আদালতে মামলা করে এবং ওই জমিতে ঘর নির্মাণে নিষেধাজ্ঞার আবেদন করে। এমতাবস্থায় উপজেলা ভূমি অফিস থেকে জমির কাগজপত্র জমা দেওয়া হলে আদালত নিষেধাজ্ঞা দেননি।
এদিকে সোমবার বিকেলে উল্লেখিত তিনটি ঘরের নির্মাণকাজের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে কাঠ ও টিন পাঠানো হয়। এসময় অভিযুক্ত ওই চার ব্যক্তি ঘর নির্মাণে বাধা দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ওই চার ব্যক্তি ঘর নির্মাণ করতে দেবেন না বলে জানালে সরকারি কাজে বাধা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস জানান, ইতিমধ্যে ভূমিহীন ওই তিন ব্যক্তির নামে বরাদ্দকৃত জমি কবুলিয়াত দলিল রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।