
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে চুরির অপবাদ সইতে না পেরে সজিব নামে তেরো বছর বয়সী এক স্কুলছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে। সজিব ওই গ্রামের ছাইদুল ইসলামের ছেলে এবং শালচুড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে কিশোর সজিব ও তার অপর দুই সহপাঠী একই গ্রামের জয়নালের ছেলে হেদা (১২) ও চাঁন মিয়ার ছেলে ছামু (১০) স্থানীয় ইসরাফিলের বাড়ি থেকে ৪টি কবুতর চুরি করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে তারা কবুতর ফিরিয়ে দিতে যায়। এসময় ইসরাফিলে বোন লাইলি তাদের চোর বলে গালমন্দ করে। পরে বাড়ি ফিরে গেলে ওই তিন কিশোরের অভিভাবক যার যার সন্তানকে পৃথকভাবে শাসন করেন।
এতে অপমান আর অভিমানে সন্ধ্যায় নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সজিব। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। অন্যদিকে অপর দুই সহপাঠী হেদা ও ছামু অভিভাবকদের পিটুনি খেয়ে অপমান-অভিমানে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, সজিবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।