
নালিতাবাড়ী (শেরপুর) : নিজেদের জমিজমা, ঘরবাড়ি কোনটিই নেই। আছে গতর খাটানো পরিশ্রমে টিকে থাকা ছোট ছোট পরিবার। দীর্ঘদিন আগে কয়েক দফায় স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীর উদ্যোগে এসব ভূমিহীন পরিবারের জন্য বিভিন্ন সময় নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে তৈরি করা হয় ৮টি আশ্রয়ন প্রকল্প। সুষ্ঠু তদারকি ও বরাদ্দপ্রাপ্তদের সামর্থের অভাবে এসব প্রকল্পের অধিকাংশ টয়লেট ব্যবহার অনুপযোগী হয়েছে অনেক আগেই। ছিল না আলাদা কোন স্নানঘর। ফলে এসব ভূমিহীন নারীদের উন্মুক্ত স্থানে, কেউ বা পলিথিনে বেষ্টনী দিয়ে স্নান বা গোসল সেড়ে আসছেন। বর্তমানে টয়লেটগুলোও ব্যবহার অনুপযোগী হওয়ায় বিশেষ করে নারীদের অসুবিধায় পড়তে হচ্ছে বেশি।
সম্প্রতি বিষয়টি নজরে আসে স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর। মুজিব বর্ষে এসব নারীর সম্মানে তিনি হাতে নেন টয়লেটসহ স্নানঘর নির্মাণের উদ্যোগ। তিনি নিজ নামে বরাদ্দকৃত টিআর (টেস্ট রিলিফ) এর টাকা ব্যয়ে ইতিমধ্যেই প্রাথমিকভাবে বড়ডুবি আশ্রয়ন প্রকল্পে ২টি, গেরামারা আশ্রয়ন প্রকল্পে ৬টি ও দক্ষিণ কোন্নগর আশ্রয়ন প্রকল্পে ৩টি ভিটিপাকা ও টিনসেড টয়লেটসহ স্নানঘর নির্মাণ করে দিয়েছেন। প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে নির্মিত এসব টয়লেটসহ স্নানঘর পেয়ে সন্তোষ্টি প্রকাশ করেছেন সেখানকার বাসিন্দারা।
দক্ষিণ কোন্নগর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রাবেয়া বেগম (৬৫) জানান, আমগরে পায়খানাগুলো (টয়লেট) ভাইঙ্গা গেছিল। গোসলের কোন ব্যবস্থা ছিল না। এইডা (টয়লেটসহ স্নানঘর) আমগরে বিরাট বালা (ভালো) হইছে।
মাহফুজা বেগম জানান (৩৫) মতিয়া চৌধুরী এইডা কইরা দিয়া বিরাট উপকার হইছে। এইডা (টয়লেটসহ স্নানঘর) যে আমগরে কতো দরকার আছিল। এহন আমগরে খোলামেলা গোসল করা লাগে না।
আশ্রয়ন প্রকল্পের অন্য বাসিন্দারা জানান, বর্তমানে প্রকল্পের অন্যান্য টয়লেটের অবস্থা খুবই খারাপ। ঘরের চালার টিনও নষ্ট হয়ে গেছে। মতিয়া আপা যদি ঘরগুলো মেরামত কইরা এইভাবে আরও কিছু গোসলখানাসহ পায়খানা করে দেন তবে অনেক ভালো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, আশ্রয়ন প্রকল্পের মহিলারা খোলা জায়গায় গোসল করতেন। এতে অস্বাস্থ্যকর পরিবেশ ছাড়াও তাদের নিরাপত্তা ছিল না। টয়লেটসহ স্নানঘর নির্মাণ করে দেওয়ায় তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এটি অবশ্যই অনেক ভালো উদ্যোগ।