
আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী মোগাদিসুতে সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে জোড়া গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার এই বিস্ফোরণে‘বিপুল সংখ্যক হতাহতের’ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মন্ত্রণালয়ের আঙ্গিনায় আসে এবং তার পরে গুলি চালানো হয়।
তিনি বলেন, ‘কয়েক মিনিটের মধ্যে একই এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে।’
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ঘটনাস্থলে ‘অনেক মৃতদেহ’ পড়েছিল। তারা গণপরিবহনে যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় বোমা হামলাটি একটি ব্যস্ত রেস্তোরাঁর সামনে ঘটেছিল।
মন্ত্রণালয়ের নিরাপত্তা রক্ষী একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি কমপক্ষে ১২টি মৃতদেহ এবং ২০জনেরও বেশি লোককে আহত অবস্থায় দেখেছেন।