
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, তিনি বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী এবং পশ্চিমা প্রভাব মোকাবেলায় দুই দেশের প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। শুক্রবার ভিডিও লিঙ্কে আলাপকালে পুতিন এ কথা বলেছেন।
ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা শুরু করে। এর জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। কিয়েভে মস্কোর এই আক্রমণ বেইজিংয়ের জন্য একটি স্পর্শকাতর বিষয়। চীন এই সংঘর্ষে নিজেকে নিরপেক্ষ অবস্থানে রাখার চেষ্টা করেছে কিন্তু তার কৌশলগত মিত্র রাশিয়াকে কূটনৈতিক সমর্থনের প্রস্তাব দিয়েছে।
পুতিন আলোচনার শুরুতে শি জিনপিংকে বলেছেন, ‘আমাদের লক্ষ্য রাশিয়া ও চীনের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা।’ এসময় তিনি চীনা নেতাকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেছেন।
রুশ প্রেসিডেন্ট ‘অভূতপূর্ব পশ্চিমা চাপ ও উস্কানি’ মোকাবেলায় মস্কো ও বেইজিংয়ের প্রচেষ্টারও প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, ‘ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে, একটি স্থিতিশীল কারণ হিসাবে রাশিয়া-চীনা কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব বাড়ছে। আমরা বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির চলমান পরিবর্তনের কারণ, পথ এবং যুক্তির বিষয়ে একই মত পোষণ করি।’