আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ৪৬ হাজার গ্রাহক তাপ ছাড়া রয়েছে, যখন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এ তথ্য জানিয়েছেন।
শ্যামিহাল টেলিগ্রাম অ্যাপে বলেন, ‘এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে শূন্য (ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় মানুষকে তাপ ছাড়া রেখে মানবিক বিপর্যয় সৃষ্টি করা যায়।’
রাশিয়া গত রাতে ১৪৩টি ড্রোন দিয়ে ইউক্রেনের ওপর হামলা চালায়। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ৯৫টি ড্রোন ভূপাতিত করেছে এবং ৪৬টি ড্রোন তাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি, সম্ভবত ইলেকট্রোম্যাগনেটিক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহারের কারণে।ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় অন্তত একজন আহত হয়েছে এবং কিয়েভ অঞ্চলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইকোলাইভে তাপমাত্রা রবিবার রাতে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পূর্বাভাস রয়েছে।
কিয়েভ থেকে আলজাজিরার চার্লস স্ট্রাটফোর্ড জানান, ইউক্রেনীয় সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর হামলা বৃদ্ধি পেয়েছে বলে ঘোষণা করেছে। তিনি বলেন, ‘সাধারণভাবে…আমরা দেখেছি, রুশ বাহিনী মাসের পর মাস বড় কোনো অর্জন করতে পারেনি। কিন্তু যুদ্ধের তীব্রতা কমানোর কোনো ইঙ্গিত নেই।’
বিশ্বকে ‘মন্দ’ থেকে রক্ষা করার আহ্বান
এদিকে মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের তিন দিনের বৈঠকের এক ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, মস্কোর পূর্ণমাত্রার আক্রমণ তৃতীয় বছরে পা দিতে যাচ্ছে। রাশিয়া এখন ইউক্রেনের ২০ শতাংশ এলাকা দখল করেছে এবং পূর্বে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।
তিনি আরো বলেন, গত সপ্তাহে রাশিয়া আকাশপথে প্রায় এক হাজার ২২০টি বোমা, ৮৫০টিরও বেশি ড্রোন ও ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত এলাকায় হামলা করেছে। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।জেলেনস্কি টেলিগ্রামে লিখেন, ‘ইউরোপ ও বিশ্বকে এমন মন্দ থেকে আরো ভালোভাবে রক্ষা করা উচিত এবং এটি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।
এর জন্য একটি শক্তিশালী, একক পররাষ্ট্রনীতি ও পুতিনের ওপর চাপ দরকার, যিনি এই যুদ্ধ শুরু করেছেন এবং এখন এটিকে বৈশ্বিকভাবে সম্প্রসারিত করছেন। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আমাদের সব মিত্রর সঙ্গে আমরা এই যুদ্ধ শেষ করতে পারি এবং একটি ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জন করতে পারি।’
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে ইউরোপীয় মিত্র ও ইউক্রেনের সঙ্গে পরামর্শ না করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং শান্তি আলোচনা শুরু করার ঘোষণা দেন। ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত জেনারেল কিথ কেলোগ শনিবার বলেন, ইউক্রেন শান্তি আলোচনার টেবিলে বসতে পারবে না, যেহেতু ওয়াশিংটন ইউরোপীয় রাজধানীগুলোর কাছে একটি প্রশ্নপত্র পাঠিয়েছে, যাতে জানতে চাওয়া হয়েছে তারা কিভাবে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে।মিউনিখ থেকে আলজাজিরার জেমস বেইস জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক ডাকা হয়েছে, যাতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ইউক্রেন ও তাদের মার্কিন নেতৃত্বাধীন শান্তি আলোচনা থেকে ছেঁটে ফেলা হতে পারে, যা সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।