
শেরপুর : শেরপুর সদরের মুন্সীরচর পূর্বপাড়া এলাকায় ফজলুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গোপনাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
রোববার (৪ মে) ভোর ৬টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। নিহত ফজলুল হক ওই গ্রামের মৃত সমেজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার মুন্সীরচর পূর্বপাড়া গ্রামের ফজলুল হক পেশায় একজন কৃষক। গতকাল শনিবার (৩ মে) রাতে নিজের বসতবাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরেনি। পরে আজ রোববার সকালে আত্মীয়–স্বজন ও এলাকাবাসী ফজলুল হকের মরদেহ বাড়ির পাশের একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি শেরপুর সদর থানায় অবহিত করলে সদর থানার অফিসার ইনচার্জ জুবায়দুল আলম ও উপ-পরিদর্শক নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করেন। এসময় নিহত ফজলুল হকের গোপনাঙ্গ কাটা এবং ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ফজলুল হকের পুরুষাঙ্গ কর্তন এবং তলপেট ও হাটুতে জখম পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।