
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে দুই শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।
রোববার (৪ মে) বেলা এগারোটার সময় সচেতন নাগরিক নালিতাবাড়ী’র ব্যানারে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
নালিতাবাড়ী শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নালিতাবাড়ী উপজেলা শাখার যুগ্ম-মহাসচিব মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়ের, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজিজুর রহমান, নালিতাবাড়ী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল হক তুলা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোহাগ মিয়া, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক।
এসময় বক্তারা তারাগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার এবং সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনের বিরুদ্ধে নানা অনিয়ম এবং বিগত আওয়ামী লীগ সরকারের দোসর ও সহযোগী আখ্যা দিয়ে তাদের অপসারণ এবং গ্রেফতারের দাবী জানান। এছাড়াও তৌহিদুল ইসলাম খোকনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে শহীদ আসিফ হত্যা মামলার আসামী উল্লেখ করে গ্রেফতার দাবী করেন তারা।
এ বিষয়ে ওই শিক্ষক হারুণ অর রশিদ এবং তৌহিদুল ইসলাম খোকন জানান, তাদের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ আনা হয়েছিল সরকারীভাবে তদন্তে সেসব মিথ্যা প্রমাণিত হয়েছে। তাছাড়া বর্তমান প্রধান শিক্ষকের অত্যাসন্ন অবসরের পর নিজেদের মধ্যে কেউ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেতে সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং রফিকুল ইসলাম এসব মিথ্যা অভিযোগের কুশীলব বলেও উল্লেখ করেন তারা। উপরন্তু ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অন্য ১৮ জন শিক্ষক-কর্মচারী চাকুরী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনে উল্টো বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবী করেছেন বলেও তারা উল্লেখ করেন।
অন্যদিকে মিরপুরে আসিফ হত্যার অভিযোগটি আদালতের নির্দেশে তদন্তাধীন এবং এখনো এজাহারভুক্ত হয়নি বলে উল্লেখ করেন তৌহিদুল ইসলাম খোকন। তবে ওই মামলায় তার নাম উল্লেখ থাকলেও পরবর্তীতে মামলার বাদী এফিডেভিট করে জানিয়েছেন, তৌহদুল ইসলাম খোকন তাঁর ছেলে আসিফ হত্যায় জড়িত নন। ভুলবশত এ নাম এসে গেছে।