
বান্দরবান : বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের পাহাড়ি জঙ্গল থেকে চিংমা খিয়াং (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ওই নারীকে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।
সোমবার (৫ মে) বিকেলে তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মংখ্যং পাড়া সংলগ্ন গহীন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত চিংমা খিয়াং ওই এলাকার বাসিন্দা সুমন খিয়াংয়ের স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে চিংমা খিয়াং জুম চাষের উদ্দেশ্যে পাশের পাহাড়ে যান। তবে দুপুর পার হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পাড়ার লোকজন খোঁজ করতে বের হয়। সোমবার খোঁজাখুঁজির একপর্যায়ে পাহাড়ি জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান তারা। পরে ওই চিহ্ন অনুসরণ করে জঙ্গলের গভীরে গিয়ে নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। মরদেহটি চোখ উপড়ে ফেলা এবং রক্তাক্ত অবস্থা দেখে স্থানীয়রা ধারণা করছেন, ধর্ষণের পর নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে।
তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্কও নেই। খবর পেয়ে আমি থানচি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি।
এ বিষয়ে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জিনিয়া চাকমা বলেন, ঘটনাস্থল থানচি উপজেলা সদর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে। পুলিশের টিম ঘটনা স্থলের গিয়ে লাশ উদ্ধার করেছে। কিন্তু ধর্ষণ শিকার হয়েছে কি-না সেটি নিশ্চিত নয়। ময়না তদন্তের ঘটননা বিস্তারিত জানা যাবে।