
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর এবং পাইকুড়া বাজারে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকান মালিককে দুই হাজার টাকা অর্থদণ্ডসহ অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আমগুলো ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট আশরাফুল আলম রাসেল।
জানা গেছে, গেল বেশ কিছুদিন যাবত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম এনে ঝিনাইগাতী সদর ও পাইকুড়া বাজারে মূল্য তালিকা প্রদর্শণ না করে উচ্চমূল্যে বিক্রি করে অধিক মুনাফা করছে ব্যবসায়ীরা- এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট আশরাফুল আলম রাসেল সরেজমিনে তদন্তে গিয়ে সত্যতা পান। এরই প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধি মোতাবেক দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অপরিপক্ক আম ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট আশরাফুল আলম রাসেল এর সত্যতা নিশ্চিত করে জানান, সামান্য অর্থদণ্ডের মাধ্যমে প্রাথমিকভাবে সতর্ক করা হলো। ভবিষ্যতে এমন কাজের সাথে লিপ্ত থাকলে জনস্বার্থে ও জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বড় দণ্ড প্রদান করা হবে।