
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর কর্তৃক শেরপুর বিআরটি অফিসে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৭ মে) বিকেলে এই অভিযান পরিচালনা করেন দুদক জামালপুরের উপ-পরিচালক কামরুজ্জামান।
জানা গেছে, শেরপুর বিআরটিএ অফিসে দীর্ঘদিন থেকে দালালদের দৌরাত্ম এবং বিআরটি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ড্রাইভিং লাইসেন্সসহ সেবাপ্রার্থীদের হয়রানি করা হয়। টাকা না দিলে পরীক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে এ অফিসের বিরুদ্ধে। এমনসব অভিযোগের প্রেক্ষিতে বিআরটিএ অফিসে বুধবার বিকেলে দুদক অভিযান চালায়।
এসময় শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার ভুক্তভোগী যুবক আবু হায়াত দুদককে জানান, তিনি গত ৭ মাস আগে সাড়ে চার হাজার টাকা দেন ড্রাইভিং লাইসেন্সের জন্য। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আরও টাকা দাবি করে তাকে ফেল দেখানো হয়। বিষয়টি দুদক তাৎক্ষণিক যাচাই করে প্রাথমিকভাবে প্রমাণ পায়।
দুদক জামালপুরের উপ-পরিচালক কামরুজ্জামান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরেই একটি চক্র শেরপুর বিআরটিএ অফিসে সেবা প্রার্থীদের হয়রানি করাসহ ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে আমরা অভিযানে এসে বিভিন্ন নথিপত্র দেখে ও সরেজমিন পরিদর্শন করে দালালদের দৌরাত্ম এবং অফিসের স্টাফদের যোগসাজশের প্রমাণ মিলে। অভিযানের খবর পেয়ে দালালরা আগেই সটকে পড়ে। সে জন্য আমরা কাউকে আটক করতে পারিনি। বিষয়টি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে উপর মহলে প্রেরণ করবো। কর্তৃপক্ষ প্রতিবেদন পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।