
শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় হিমাংশু হালদার নামে (৭৫) বছর এক বৃদ্ধ গাছের সাথে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার (৭ মে) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার রথিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা ইউনিয়নের রথিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত গোপাল চন্দ্র হাওলাদারের পুত্র হিমাংশু হাওলাদার দুপুর তিন টার দিকে ভাত খেয়ে বিশ্রাম নেন। কিছুক্ষণ পর পাশে থাকা স্ত্রী তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে একটি গাব গাছের সাথে দড়ি দিয়ে ঝুলতে দেখে কান্না শুরু করেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি শরণখোলা থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
ছেলে জয়ন্ত জানান, তার বাবা বছর দুয়েক আগে স্ট্রোক করেছেন। এজন্য মানসিকভাবে কিছুটা সমস্যা আছে। এছাড়া ৩০ বছর আগে তার এক বোন বিষ পানে আত্মহত্যা করে। আরেক ভাই ২০ বছর আগে আত্মহত্যা করেছে।
এলাকার সমাজ সেবক আউয়াল জোমাদ্ধার বলেন, তাদের পরিবারের মধ্যে আত্মহত্যার একটি বিষয় লক্ষ্য করা গেছে।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, পরিবারে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে সৎকার করার জন্য দেওয়া হয়েছে ।