
নালিতাবাড়ী (শেরপুর) : অন্যের জমিতে মজুরিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষিশ্রমিক। এসময় আহত হয়েছেন সকুল (২০) নামে আরও এক কৃষিশ্রমিক।
রোববার (১১ মে) সন্ধ্যা ছয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি একই উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামে।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, উত্তর কাপাশিয়া গ্রামের কৃষিশ্রমিক খবির উদ্দিন ও সজমুল মিয়াসহ কয়েকজন মিলে আন্ধারুপাড়া গ্রামে জনৈক কৃষক সারোয়ার হোসেন এর বোরোধান কাটছিলেন। পড়ন্ত বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বজ্রপাতে কৃষিশ্রমিক খবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সঙ্গে থাকা অপর কৃষিশ্রমিক সকুল। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।