
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে বিড়ি উৎপাদন করার অপরাধে রুমি বিড়ি ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার কাওয়াকুড়ি এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরীতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর। আদালত পরিচালনা করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।
জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র না নিয়ে রুমি বিড়ি ফ্যাক্টরি দীর্ঘদিন যাবত বিড়ি উৎপাদন করে আসছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে শনিবার অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশগত ছাড়পত্র দেখাতে না পারায় রুমি বিড়ি ফাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।