
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের শ্রীবরদী শহরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২১ মে) রাতে শহরের উত্তর বাজারস্থ সুইপার কলোনিতে মাদক বিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, রাতে শহরের সুইপার কলোনির বাসিন্দা শ্রী উজ্জ্বল হরিজন ও শ্রী দিলীপ হরিজনের বসতবাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। অভিযানকালে ২শ গ্রাম গাঁজা ও সেবনের কল্কি জব্দ করে গ্রেফতার করা হয় শ্রী উজ্জ্বল হরিজন (৩৫), শ্রী দিলীপ হরিজন (৩২) ও পূর্ব ছনকান্দা গ্রামের পাভেল (৩০) কে।
পরে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক।