
নালিতাবাড়ী (শেরপুর) : ছেলে মফিজুল ইসলাম ডিভোর্সি দুই সন্তানের জননী নারীকে বিয়ের করার জেরে পিতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। মোহাম্মদ আলী স্থানীয় কৃষি অফিসের একজন তালিকাভুক্ত আদর্শ কৃষক হওয়ায় এ অপপ্রচার নিয়ে প্রশ্ন ওঠেছে জনমনে।
এদিকে বর্তমান স্বামী ও শ্বশুরসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পুত্রবধূ। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা চায়না মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পানিহাতা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জুয়েল মিয়ার সাথে প্রায় ১২-১৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নকলা উপজেলার বানেশ^রদী ইউনিয়নের আড়িয়াকান্দা গ্রামের আব্বাছ আলী মেয়ে রূপালী খাতুনের। তাদের সংসারে দুই সন্তান জন্মের দীর্ঘদিন পর পারিবারিক কলহের জেরে জুয়েল মিয়া স্ত্রীকে তালাক দেয়। তালাকের প্রায় এক বছর পর ২০২২ সালের ৩০ মার্চ পুনরায় রূপালীকে বিয়ে করে জুয়েল। এরপর কেটে যায় আরও দুই বছরের অধিক সময়। এরই মধ্যে রূপালীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে দুই সন্তানের জনক মফিজুল ইসলামের সাথে। একপর্যায়ে গেল বছরের ৭ সেপ্টেম্বর জুয়েলকে তালাক দেয় স্ত্রী রূপালী। তালাকের পর ৩ মাস কেটে গেলে একই বছরের ৮ ডিসেম্বর দুই সন্তানের জনক মফিজুলের সাথে বিয়ের পিড়িতে বসে সে।
চলতি বছরের গত ১৬ মে সন্তানের অসুস্থতার খবর পাঠিয়ে রূপালীকে ডেকে নেওয়া হয় জুয়েলের বোনের বাড়িতে। তারপর পুনরায় জুয়েলের সাথে সংসার করতে তাকে চাপ প্রয়োগ করা হয়। এতে রূপালী সম্মত না হওয়ায় আগের স্বামী জুয়েলের সংসার থেকে মোটা টাকা নিয়েছে বলে দাবী করে তা ফেরত দিতে রুপালীকে বলা হয়। এসময় বিষয়টি রূপালীর পারিবারের লোকদের নিয়ে মিমাংসার কথা বলে রূপালীকে জিম্মায় নেন বর্তমান স্বামী মফিজুলের বাবা মোহাম্মদ আলী। পরে ১৮ মে রূপালী ও জুয়েলের পরিবারের পক্ষের লোকজন উপস্থিত হলে উভয়পক্ষের উপস্থিতিতে রূপালী কর্তৃক টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়নি। এমতাবস্থায় মোহাম্মদ আলীকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালায় জুয়েলের পক্ষ।
ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, আগের সংসারে জুয়েলের সাথে রূপালীর অনেক দেনদরবার হয়েছে। বনিবনা না হওয়ায় ছেলে-মেয়ে নিজেরা বিয়ে করে নিয়েছে। এরপরও তারা রূপালীকে নিতে চায়। রূপালী ও মফিজুলকে মারতে নানা ষড়যন্ত্র করে। সবশেষ তাদের জিম্মি করলে আমি জামিনদার হই। তাই বলে আমাকে জড়িয়ে অপপ্রচার চালাবে কেন? এখানে আমি কেন অপরাধী হব?
স্থানীয় সাবেক দুইবারের ইউপি সদস্য আব্দুল জুব্বার জানান, ঝামেলা হয়েছে মোহাম্মদ আলীর ছেলের সাথে। তারা দু’জন পছন্দ করে বিয়ে করেছে। এতে মোহাম্মদ আলীর দোষ কোথায়? তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোহাম্মদ আলীকে লক্ষ্য করে শুধুমাত্র তার নামে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি অন্যায়। মোহাম্মদ আলী চাইলে আইনের আশ্রয় নিতে পারেন।
এদিকে রূপালী তার বর্তমান স্বামী ও পরিবারের নিরাপত্তা চেয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, রূপালী নামে এক নারী নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।