
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৭৩৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মাদক ব্যবসায়ী নাছির মিয়া (৪২) কে আটক করেছে র্যাব-১৪।
শুক্রবার (২৩ মে) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আটককৃত নাছির মিয়া উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
র্যাব জানায়, সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকার বুলবুলের পাহাড়ের পশ্চিম পাশে ভারতীয় মদ পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌছায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পালানোর চেষ্টা করলে মাদক ব্যবসায়ী নাছির মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ টাকা।