
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী শান্তির মোড় থেকে ৮০ বোতল ভারতীয় মদসহ মনির হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গত শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে উপজেলার বারমারী এলাকার উত্তর আন্ধারুপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক মনির হোসেন ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড়ে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় সুলতান মিয়ার চায়ের দোকানের পাশ থেকে মাদক কারবারি মনির হোসেনকে বস্তাভর্তি ৮০ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি সালেমুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শনিবার নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে আটককৃত মাদক কারবারি মনির হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।