
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীর সরকারি নাজমুল স্মৃতি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি প্রার্থী ওমর ফাহিম রিয়ালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এনে ওইসবের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) রাতে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওমর ফাহিম রিয়াল বলেন, “আমি নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান। আওয়ামী শাসনামলে আমার পরিবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আমার বাবা মানিক মিয়া নালিতাবাড়ী উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে নালিতাবাড়ী শহর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।”
রিয়াল বলেন, নালিতাবাড়ীর ঐতিহ্যবাহী সরকারি নাজমুল স্মৃতি কলেজ ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে প্রার্থী হওয়ার পর থেকেই একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট করে চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও জানান, “আমাকে পদ বঞ্চিত করার জন্য বিগত বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এমনকি কলেজের বিদায় অনুষ্ঠানের ছবি বিক্রিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারকারীরা বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
এসময় রিয়ালের সমর্থক অন্যান্য ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।