
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ‘দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র’ তৈরি নিয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের দ্ব›েদ্ব বিষয়টি পরিদর্শনে আসা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুষ্ঠান কাভারেজে আসা সাংবাদিকদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় মামলা দয়ের করা হয়েছে। স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ ১৪ জনের নামে দায়ের করা ওই মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় মামলা দায়েরের পর রাতেই ওই দুইজনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরা হলো- দাওধারা গ্রামের ইসমাইল হোসেন ও কাটাবাড়ি গ্রামের আবুল হাসেম। বুধবার তাদের আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।
গত ২৬ মে সোমবার দাওধারা কাটাবাড়ি গারো পাহাড় পর্যটন কেন্দ্র নির্মাণ নিয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের মুখোমুখি অবস্থানের বিষয়টি সরেজমিনে পরিদর্শনে আসেন অন্তঃবর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান। এসময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় কতিপয় এলাকাবাসী সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং তাদের মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন। এ ঘটনায় বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক। পরে রাতেই হামলার শিকার এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল হক খান সৌরভ বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমানসহ তার অনুসারী মোট ১৪ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৪০ জনের কথা উল্লেখ করে মঙ্গলবার সন্ধ্যায় মামলা দায়ের করেন।