
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে আটকের পর পুলিশে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রোববার (১জুন) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্ব পাশ থেকে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্যার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭), তার ছেলে লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস), কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা (২৬), তার স্ত্রী নাসরিন বেগম (২৩) ও ছেলে ইরফান মোল্লা (৫), খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে লিচি (৪৮) এবং ফজর মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৫)।
পুলিশ জানায়, শনিবার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এসময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিক সীমান্তের কাছাকাছি পাহাড়ের মধ্যে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিল। সীমান্ত এলাকায় ঘুরাঘুরির কারণ জানতে চাইলে তারা পাহাড় দেখতে এসেছেন বলে জানায়। তবে কথাবার্তা সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে।
একপর্যায়ে তারা জানায়, কর্মের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ব্যতিত বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। কর্ম শেষে পুনরায় অবৈধ পথেই শনিবার দেশে ফিরে আসছিল তারা। এরা সবাই খুলনা ও নড়াইলের বাসিন্দা।