
শেরপুর : শেরপুর শহরের নয়ানী বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৩টি দিনসেড গোডাউন পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোর রাতে শহরের চেম্বার অব কমার্স কার্যালয়ের পার্শ্বে চাল হাটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাত পৌণে চারটার সময় ডিসি অফিসের ডিসি লেকের সামনে শেরপুর চেম্বার অব কমার্স অফিসের পাশে চাল হাটির ভেতর থেকে হঠাৎ আগুনের শিখা বের হয়। এসময় প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়আনী বাজারের ভ্যারাইটিজ মালের ব্যবসায়ী জুয়েল মিয়ার তিনটি টিনশেড গোডাউন আগুনে পুড়ে যায়।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আব্দুল কাদের জানান, আগুনে ৩টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গোডাউনে প্লাস্টিকের নেট, পাটের রশি, বাঁশের তৈরি আসবাবপত্র, ঝাড়ু এবং মাটির তৈরি হাঁড়ি-পাতিল সংরক্ষণ করা ছিল।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা সম্ভব হয়নি। তবে অনুসন্ধান চলছে। আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।