
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর বাইপাস এলাকায় গাঁজা সেবনের অপরাধে আকাশ (২৩) নামে এক গাঁজা সেবনকারীকে ৩ মাসের কারাদণ্ড ও তিনশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ জুন) ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। সাজাপ্রাপ্ত আকাশ শহরের কালিনগর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকায় নিজ দোকানে বসে গাঁজা সেবন করার সময় গাঁজা ও সেবনের সরঞ্জামসহ আকাশকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাজাঁ সেবন করার অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও তিনশত টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।