
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে গারোপাহাড় পর্যটন কেন্দ্রের কাছাকাছি এলাকার জঙ্গল থেকে বন্যহাতির একটি সদ্য প্রসবকৃত মৃত শাবকের সন্ধান মিলেছে।
রোববার (৮ জুন) সকালে পর্যটন কেন্দ্রের কাছাকাছি রাস্তার পাশের জঙ্গল থেকে রোববার সন্ধ্যায় শাবকটির মৃতদেহ শনাক্ত করে বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
বন বিভাগ জানায়, শনিবার ঈদের দিন থাকায় বন বিভাগ, ইআরটি সদস্য বা স্থানীয় কোন রাখাল ওইদিকে যাননি। রোববার সকালে স্থানীয় রাখালেরা দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রের অদূরে রাস্তার পাশের জঙ্গলে বন্যহাতির একটি সদ্য প্রসব করা শাবককে মাটিতে পড়ে[ থাকতে দেখে। তবে তখনো শাবকটি নাড়াচাড়া করছিল বলে জানায় তারা। পরে বন বিভাগকে খবর দেওয়া হলেও বন্যহাতির দল শাবকটির আশপাশে অবস্থান করায় তারা উদ্ধারে যেতে পারেননি। পরে বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন স্থানীয় ইআরটি সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থলে গেলে শাবকটির মৃতদেহ পড়ে থাকতে দেখে।
বন বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানায়, ধারণা মতে শনিবার শাবকটির জন্ম হয়। জন্মের পর রোববার সকালেও তাকে দূর থেকে জীবিত দেখেছেন স্থানীয়রা। পরবর্তীতে শাবকটি মারা যায়। সূত্র আরও জানায়, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সন্ধ্যায় ঘটনাস্থলে গেলেও মৃত শাবকটির কোন বিহীত করেনি। ময়না তদন্তের জন্য সোমবার বন বিভাগের পক্ষ থেকে মৃত শাবকটি উদ্ধার করা হবে।
শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী রেঞ্জার আল আমিন জানান, আশপাশে পড়ে থাকা জন্মকালীন সুরতহাল দেখে প্রাথমিকভাবে শাবকটি মৃত ছিল বলে ধারণা করা হচ্ছে।