
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ছেলের শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসে ধানক্ষেতের পাশে থাকা গর্তের পানিতে ডুবে মিনারা বেগম নামে ষাট বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গত রোববার (৮ জুন) বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজের পর সোমবার বেলা এগারোটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের নগরবেড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনারা বেগম ওই গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী।
সূত্র জানায়, নগরবেড়া গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী মিনারা বেগম তার মেঝ ছেলে সিরাজের শ্বশুরবাড়ি রোববার সকালে ঈদের দাওয়াত খেতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রাত পর্যন্ত পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সোমবার পুনরায় ছেলে সিরাজ ও তার শ্বশুরবাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বেলা এগারোটার দিকে দুই বাড়ির মধ্যবর্তী এলাকায় ধানক্ষেতের পাশে থাকা গর্তের পানিতে মিনারা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।