
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুল বারেকের ওয়ার্কশপে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও ওই নেতাকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তার ছেলে ও সমর্থকেরা। নজরুল ইসলাম একই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবর রহমান চৌধুরীর ভাই বলে জানা গেছে। গত মঙ্গলবার (১০ জুন) রাত পৌণে দশটার দিকে বারমারী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, সম্প্রতি বালু কেনা-বেচা নিয়ে বারমারী এলাকার কদম আলী ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের মাঝে গত ৪ জুন দ্ব›দ্ব বাধে। পরে গত ৬ জুন এ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি ইউনুছ আলী দেওয়ান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের উপস্থিতিতে গ্রাম্য শালিশে বিষয়টি মিমাংসা করা হয়। তবে ওই শালিশ আ’লীগ নেতা নজরুল ইসলাম মানতে না চাইলে ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুল বারেক ও আ’লীগ নেতা নজরুলের মাঝে বিতর্ক হয়।
এদিকে মঙ্গলবার রাতে বারমারী বাজারে অপর এক নজরুল ইসলাম এবং শাহ আলীর মাঝে মাদক ব্যবসা নিয়ে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে শাহ আলীর পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তার ছেলে মোজাম্মেল হকসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এসময় পূর্ব প্রতিহিংসাবশত ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুল বারেকের ওয়ার্কশপেও হামলা চালানো হয়। হামলায় ওয়ার্কশপ ভাংচুর ছাড়াও আব্দুল বারেককে কুপিয়ে ও পিটিয়ে আহত করে হামলাকারীরা। পরে তাকে হাসপাতালে আনার পথে সাবেক চেয়ারম্যান আজাদ মিয়ার বাড়ির কাছাকাছি পৌছালে পুনরায় আব্দুল বারকের ওপর হামলা চালানো হয়। এছাড়াও রাতে পুনরায় রাতে বারমারী বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় নজরুল ইসলাম ও তার সহযোগীরা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা হামলার ঘটনা নিশ্চিত করে জানান, খবর পয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।