
শেরপুর : শেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর এই মেলার আয়োজন করে।
মেলা উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালী ও পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক সাখাওয়াত হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবীর, আলমগীর কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সরেজমিন কৃষি গবেষণা বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা জুনায়েদ উল নূর, পিদিম ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আনিসুর রহমানসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
মেলায় ফুল-ফল, কৃষিযন্ত্রসহ বিভিন্ন কৃষিপণ্যের সমাহার নিয়ে ১৫টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। আগামী ১৯ জুন বৃহস্পতিবার এই মেলা শেষ হবে।