
নকলা (শেরপুর) : ‘শালা’ বলে গালি দেওয়ার প্রতিবাদ করার জেরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে হাত ও পা জখম করেছে তারই সহপাঠি। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় কেটে ফেলা বিচ্ছিন্ন পা নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় বাবা ও তার পরিবার।
গত রোববার (১৫ জুন) সন্ধ্যায় শেরপুরের নকলা উপজেলার বারইকান্দি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পা হারা সাকিল মিয়া (১৮) ওই গ্রামের আমির হোসেনের ছেলে ও বারইকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। হামলাকারী হাসিবুল (২০) আদমপুর গ্রামের লালু বাদশার ছেলে ও একই বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, সপ্তাহখানেক আগে সহপাঠী হাসিবুল সাকিলকে ‘শালা’ বলে গালি দেয়। সাকিল এর প্রতিবাদ করলে উভয়ের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করা হয়। তবে জেদ চেপে রাথে হাসিবুল। গত রোববার সন্ধ্যায় বাড়ির সামনে বসে মোবাইলে গেম খেলছিল সাকিল। এসময় হাসিবুল তার বন্ধু অন্তিমসহ কয়েকজনকে নিয়ে সাকিলকে কথা বলার জন্য ডাকে। এতে সাকিল সাড়া না দিলে হাতে থাকা দা দিয়ে সাকিলের বা হাত ও পায়ে কোপায়। পরে সাকিলের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নকলা ও পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে অস্ত্রোপাচারের মাধ্যমে একটি পা কেটে ফেলতে হয় সাকিলের।
এদিকে এ ঘটনার পরদিন সাকিলের বাবা আমির হোসেন বাদী হয়ে নকলায় থানায় অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে মামলার কোন আসামী গ্রেফতার না হওয়ায় বুধবার নকলা থানা, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নকলা সেনা ক্যাম্প ও শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে ছেলের বিচ্ছিন্ন পা নিয়ে বিচার দাবী করেন।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত হাসিবুলের এক চাচা স্থানীয় বিএনপি নেতা হওয়ায় হাসিবুলের পরিবার প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে মামলা গ্রহণ করে আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম।