
নালিতাবাড়ী (শেরপুর) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নালিতাবাড়ী শাখার সমন্বয় কমিটিতে না জানিয়ে নাম রাখায় এবং নাম ও পদবীর ভুল ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন শারমিন আক্তার নামে এক শিক্ষানবিস আইনজীবি।
বৃহস্পতিবার (১৯ জুন) এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এ কমিটিতে সদস্য তালিকায় চার নম্বরে ‘এডভোকেট সামিয়া সুলতানা শারমিন’ নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও প্রধান সমন্বয়কারী হিসেবে গাছগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহম্মেদ, শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকি, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী সঞ্জয় রায়সহ বেশ কয়েকজনকে ঘিরে নেটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। জুবায়ের আহম্মেদের বিরুদ্ধে সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রীয় থাকার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রমাণ উপস্থাপন করছেন নেটিজেনরা। কমিটির তালিকা প্রকাশের পরপরই অনেকে এ কমিটিকে আওয়ামী লীগ ও এবং অঙ্গ সংগঠনকে পুনর্বাসনের কমিটি বলেও উল্লেখ করেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি প্রকাশের পরপরই নিজের ফেসবুক আইডিতে প্রতিবাদ জানিয়ে আইনী আশ্রয় নেওয়ার কথা জানান শিক্ষানবিস আইনজীবি শারমিন আক্তার। যদিও ফেসবুকে তিনি ‘সামিয়া সুলতানা শারমিন’ নামে পরিচিত।
শিক্ষানবিস এ আইনজীবি এ প্রতিবেদককে জানান, আমাকে না জানিয়ে কমিটিতে আমার নাম রাখা হয়েছে। আমি কোন রাজনীতি করি না, করতে চাইও না। শুধু তাই নয়, শিক্ষা সনদ অনুযায়ী আমার যে নাম তাতেও ভুল করেছে। আমি একজন শিক্ষানবিস আইনজীবি হলেও কমিটিতে এডভোকেট উল্লেখ করা হয়েছে। আমি এসবের প্রতিবাদ জানাই। তারা কমিটি থেকে আমার নাম বাদ না দিলে আমি আইনী আশ্রয় নেব।
তিনি আরও বলেন, না জানিয়ে আমার নাম কমিটিতে রাখার বিষয়ে কৈফিয়ত চাইলে এনসিপি’র জেলা যুগ্ম-সমন্বয়কারী আলমগীর কবীর ও উপজেলার প্রধান সমন্বয়ক জুবায়ের আহম্মেদ অনুরোধ করে তাদের সম্মানার্থে কমিটিতে থাকতে বলেন। আমি সাফ না বলে দিয়েছি। তারপরও তারা এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেননি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির যুগ্ম-সমন্বয়ক আলমগীর কবীর জানান, দেশের বিভিন্ন জায়গায় চাকরীজীবিরা এনসিপিতে আছেন। এতে কোন সমস্যা নেই। শারমিন আক্তারের নাম ভুলবশত তালিকায় এসেছে বলে দাবী করে তিনি জানান, অন্য যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের সম্পৃক্ততার অভিযোগ ওঠেছে তারা অনেক আগেই দলীয় কর্মকাÐ থেকে অব্যাহতি নিয়েছেন।
এদিকে এনসিপি নালিতাবাড়ীর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশের পরপরই তীব্র সমালোচনার মুখে ২১ জুন শনিবার ওই কমিটি কেন্দ্রীয়ভাবে স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ লিখন।