
শেরপুর: শেরপুরের একটি গণধর্ষণ মামলায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শামিম মিয়া (৩২) কে গ্রেফতার করেছে র্যাব।
গত রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামিম মিয়া শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রায়ই তাকে কু-প্রস্তাব দিত শামিম মিয়াসহ মামলার প্রধান আসামি মনিরুজ্জামান (৪০) ও অপর আসামি আফছর আলী (৫০)। গত বছরের ২৩ সেপ্টেম্বর বেলা ২টার দিকে আসামিরা ভুক্তভোগীকে তার নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে অভিযোগ করলে শেরপুর বিজ্ঞ নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালের নির্দেশ শেরপুর সদর থানায় মামলাটি এজাহারভুক্ত হয়। পরে সিপিসি-১, র্যাব-১৪ জামালপুর ক্যাম্প মামলাটির ছায়াতদন্ত করে। এরই প্রেক্ষিতে গত রোববার সন্ধ্যায় জামালপুরের মেলান্দ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ২নং আসামি শামীম মিয়াকে গ্রেফতার করে।