বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
রবিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে ১১ বিজিবির আওতাধীন জামছড়ি বিওপি সংলগ্ন সীমান্ত পিলার-৪৪ এর পাশের জিরো লাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাতুল ইসলাম সীমান্তবর্তী জামছড়ি এলাকার বাসিন্দা খুইল্যা মিয়ার ছেলে। তিনি তার বাবার সঙ্গে বাঁশ সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত মাইনের ওপর পা রাখলে তা বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে আহত কিশোর সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাইনি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশরুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তে এর আগেও একাধিকবার মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।