
বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তবর্তী লেমুতলী জঙ্গলাকীর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে অধিনায়কের নির্দেশনায় লেম্বুছড়ি বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫০ থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে ‘চেয়ারম্যান ভাঙ্গা’ নামক এলাকায় অভিযান চালায়। অভিযানকালে শাহীন ডাকাতের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী গ্যাংয়ের ব্যবহৃত আস্তানায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি শর্টগান উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।