
শেরপুর: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’এ শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে শেরপুরে।
আজ (২৫ জুন বুধবার) কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. মোঃ শাহীন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর কুতুবে আলম সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠান শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার, গাছের চারা ও সনদপত্র বিতরণ করা হয়।