
নালিতাবাড়ী (শেরপুর) : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহ করে হত্যা মামলা দায়ের করেই ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ। হত্যা আসামী হয়ে পালিয়ে থাকার সুযোগে বাড়িঘরে লুটপাট এমনকি খেতের পাকা বোরো ধান ও ভুট্টা খেত কেটে নিয়েছে প্রতিপক্ষ। এমন হয়রাণীমূরক ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পশ্চিম সমশ্চুড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের দুই ছেলে দুলাল মন্ডল (৭০) ও হেলিম মন্ডল (৪৩) এবং দুই মেয়ে হামিদা (৫৫) ও তাহমিনা (৪৫)। পৈত্রিক ওয়ারিশ নিয়ে ভাই-বোনের মাঝে দ্বন্দ্ব চলছিল। ফলে স্থানীয় গণ্যমান্যরা বিষয়টি সমাধান করে ভাই-বোনের সীমানা নির্ধারণ করে জমি ভাগ-বাটোয়ারা করে দেন। এছাড়াও হেলিম মন্ডলের সেমিপাকা ঘর নির্মাণের সময় হামিদার কাছ থেকে ঋণ নেওয়া প্রায় ২ লাখ টাকা পরিশোধেরও সিদ্ধান্ত দেন গণ্যমান্যরা। পরে উত্তরাধিকারের জমি বুঝিয়ে দিলেও ঋণের টাকা ফেরত না দেওয়ায় হামিদা নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
এদিকে দুলাল মন্ডল অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য হামিদার একটি গাছ না জানিয়ে বিক্রি করে দেন ভাই হেলিম মন্ডল। গত ২ এপ্রিল বুধবার সকালে ওই গাছ কাটতে যান ক্রেতা। এসময় হামিদা বাধা দিলে বিক্রেতা ভাই হেলিম মন্ডল তার সাথে বাক-বিতন্ডায় জড়ায়। একপর্যায়ে ভাই-বোনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর অসুস্থ দুলাল মন্ডল হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুলাল মন্ডলকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দুলাল মন্ডলের এ মৃত্যুর ঘটনা কিছুক্ষণ আগে হেলিম মন্ডল ও হামিদার মাঝে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনায় জড়িয়ে দুলাল মন্ডলকে হত্যা অভিযোগ তোলে। ফলে দুলাল মন্ডলের মরদেহ নিয়ে টানাটানি শুরু হয়। স্বজনদের অনেকেই হার্ট অ্যাটাকে মৃত্যু বলে মরদেহ দাফন-কাফনের চেষ্টা করেন। আবার কেউ কেউ এটিকে হত্যাকাণ্ড বলে মামলার পক্ষে অবস্থান নেন। অবশেষে পরে দুলাল মন্ডলের বড় ছেলে আব্দুল মান্নান বাদী হয়ে ভাই-বোনের মাঝে উস্কানি দেওয়ার অভিযোগে প্রতিবেশি আশকর আলী (৬৫) ও দুই ফুফু হামিদা এবং তাহমিনাসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার পর হামিদাসহ অন্যরা আত্মগোপন করলে তাদের বাড়িঘরে লুটপাট চালায় বাদীপক্ষ। এছাড়াও গত ১৬ মে হামিদার বন্ধকী রাখা জমির পাকা বোরো ধান কেটে নিয়ে যায় নিহত দুলাল মন্ডলের স্ত্রী-কন্যাসহ অন্যরা। এর আগে হামিদার ভুট্টা খেতও কেটে নিয়ে যায় তারা।
এ বিষয়ে জানতে চাইলে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে পারভীন জানান, নিহতের রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ করতে ওই জমির ধান কেটে নিয়েছেন তারা। জমিটি ভাই-বোনের যৌথ ছিল বলেও দাবী করেন তারা। তবে কাগজপত্র যাচাই করে দেখা গেছে, জমিটুকু হামিদার বন্ধকী নেওয়া। জমির ধান আত্মসাত করতে মনোয়ারা ও পারভীন মিথ্যার আশ্রয় নিয়েছেন।
ভুক্তভোগী বোন হামিদা জানান, ভাই হেলিম সেমিপাকা ঘর নির্মাণের সময় তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়েছিল। তখন হেলিম বলেছিল, ওই ঘরের একটি কক্ষ তাকে দেওয়া হবে। পরে কোন কক্ষ না দেওয়ায় টাকা ফেরত চাইলে টাকাও দিচ্ছিল না। এ নিয়ে তিনি নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগও করেছেন। কিন্তু পুলিশ তা এখনো আমালে নেয়নি।
আরেক ভুক্তভোগী আশকর আলী জানান, এলাকায় কোন ঝামেলা হলে গণ্যমান্য হিসেবে এলাকাবাসী আমার কাছে আসেন। আমি কোন হত্যাকারী নই, নির্দেশদাতাও নই। ঝগড়ার সময় আমি বোরোধান খেতে পানি দিচ্ছিলাম। পরে বাড়ি এসে নাস্তা করার সময় পুলিশ আমাকে ধরে নিয়ে যায়।
স্থানীয় স্কুলশিক্ষক সুজাউদ্দিনসহ স্থানীয়রা জানান, পৈত্রিক ওয়ারিশ নিয়ে ভাই-বোনের মাঝে ঝামেলা চলছিল। আমরা বসে তা মিমাংসা করে দিয়েছি। পরবর্তীতে বোনের ভাগের গাছ কাটা নিয়ে ভাই-বোনের মাঝে ঝগড়া বাধে। তবে ওই ঝগড়ায় দুলাল মন্ডল যাননি। তিনি অসুস্থ অবস্থায় ঘরে শোয়েছিলেন। মূলত তার চিকিৎসার কথা বলেই হেলিম মন্ডল হামিদার গাছ কেটে বিক্রি করেছিল।
তারা আরও জানান, হেলিমের সেমিপাকা ঘর নির্মাণের সময় প্রায় দুই লাখ টাকা বোন হামিদার কাছ থেকে নিয়েছিল। যা আর পরে পরিশোধ করেনি। বরং দুলাল মন্ডলের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের পর হামিদার ঘর থেকে ধানচালসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। হামিদার খেতের বোরো ধান ও ভুট্টা কেটে নিয়ে গেছে।
এদিকে সম্প্রতি দুলাল মন্ডলের ময়নাতদন্ত প্রতিবেদন ও ভিসেরা প্রতিবেদন আসে পুলিশের কাছে। ওই প্রতিবেদন অনুযায়ী দুলাল মন্ডলের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, প্রতিবেদনে হত্যার কথা উল্লেখ করা হয়নি। হৃদরোগজনিত মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে।