
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল মদসহ সুজন মিয়া (২৯) নামে এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার আন্ধারুপাড়া শান্তির মোড় থেকে আটকের পর শুক্রবার দুপুরে সুজনকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সুজন মিয়া উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড়ে মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল ভারতীয় মদসহ সুজন মিয়াকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে শুক্রবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়।
ডিবি’র ওসি সালেমুজ্জামান বলেন, সুজন মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।