
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাÐে তিনটি দোকানের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৩০ জুন) ভোররাতে ঝগড়ারচর দক্ষিণ বাজারের মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোরে স্থানীয়রা আগুন টের পেলেও ততক্ষণে ভয়াবহ আকার ধারণ করে। মালামাল বের করার কোনো সুযোগ ছিল না। শ্রীবরদী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা দেরিতে পৌঁছায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। জামালপুরের বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, শ্রীবরদী থেকে ঝগড়ারচর পর্যন্ত রাস্তা পাকা ও প্রশস্ত। দ্রুত ফায়ার সার্ভিস এলে ক্ষক্ষক্ষতি এতো হতো না।
শ্রীবরদী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আশরাফ হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বকশীগঞ্জ ইউনিটও আমাদের সঙ্গে কাজ করেছে। পুরোপুরি আগুন নেভাতে দুই ঘণ্টার মতো সময় লেগেছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।