
শেরপুর : শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ভারতীয় মদের চালান জব্দ করেছে বিজিবি ও পুলিশ।
সোমবার (৩০ জুন) ভোররাত ও রোববার (২৯ জুন) দিবাগত রাতে ঝিনাইগাতির হলদিগ্রাম ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ও নালিতাবাড়ী থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩৫৯ বোতল মদ জব্দ করে। তবে এসময় বিজিবি ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় সোমবার ভোর চারটার দিকে মাদকবিরোধী অভিযান চালায় হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া ২৭৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

এদিকে রোববার দিবাগত মধ্যরাতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাওধারা পর্যটন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে বন বিভাগের বাতকুটি বিট অফিস এলাকার পাহাড় থেকে ৪টি বস্তাভর্তি ৮৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।