
বান্দরবান : বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজার এলাকায় টোল আদায়ের নামে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ উঠেছে বাজার ইজারাদার কর্তৃক নিযুক্ত টোল আদায়কারী মো. আরিফের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বাজার এলাকায় বিক্রয়ের জন্য নামানো না হলেও, প্রধান সড়ক ব্যবহার করে যাতায়াতকারী গাছ, বাঁশ, কলা ও অন্যান্য জুমের পণ্যবাহী গাড়ি থেকে জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে।
বৃষ্টিকে উপেক্ষা করে রবিবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে বান্দরবান প্রেসক্লাবের সামনে ‘স্থানীয় এলাকাবাসী’ ব্যানারে নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রচলিত নিয়ম অনুযায়ী শুধুমাত্র বাজার এলাকায় পণ্য নামিয়ে বিক্রয়ের ক্ষেত্রে টোল আদায় করার বিধান থাকলেও, বর্তমানে সড়কপথে অন্যত্র পণ্য পরিবহনকারী যানবাহন থেকেও জোর করে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় মে থোয়াই মার্মা বলেন, চলতি জুলাই মাস থেকে এই অনিয়ম শুরু হয়েছে। বাজারে পণ্য নামানো না হলে টোল আদায়ের কোনো যুক্তি নেই। এটি আমাদের কৃষক ও ব্যবসায়ীদের জন্য সরাসরি হয়রানি। অভিযোগ রয়েছে, টোল আদায়কারী মো. আরিফ জেলা বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব জবরদস্তি করছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. আরিফ বলেন, ‘মিল্টন ট্রেডাস’-এর ব্যানারে জেলা পরিষদ থেকে টেন্ডার নিয়ে বৈধভাবে রশিদসহ টোল আদায় করছি। সরকার চাইলে আদায় করতে পারে, না চাইলে বাতিল করতে পারে। এটি জেলা পরিষদের সিদ্ধান্ত।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, এটি ভুলক্রমে হয়েছে। আগেও যে নিয়ম ছিল, সেই অনুযায়ী দুইটি বাজার ছাড়া অন্য কোথাও টোল আদায় করার কথা নয়। আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।